রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে ডিজিটাল বাংলাদেশ মেলা। শুক্রবার (১৭ জানুয়ারি) সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় প্রযুক্তিপ্রেমী শিক্ষার্থীসহ নানা পেশার দর্শনার্থীদের ভিড়ে মেলাপ্রাঙ্গণ রূপ নেয় মিলনমেলায়।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রদর্শনীতে বাড়তে থাকে ভিড়। তারা দলবেঁধে প্রবেশ করেন। আগতদের প্রত্যেকেই ব্যস্ত ছিলেন এক স্টল থেকে অন্য স্টল ঘুরে দেখতে।
প্রদর্শনীতে অংশ নেওয়া সরকারি মন্ত্রণালয়গুলো প্রযুক্তি ব্যবহার করে জনগণের কী কী সেবা দিচ্ছে তা জেনেছেন। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা সম্পর্কে ধারণা নিতে ডিজিটাল বাংলাদেশ মেলায় ভিড় করছেন প্রযুক্তপ্রেমীরা।

আগতদের মধ্যে অনেকেই অংশ নিয়েছেন প্রযুক্তি বিষয়ক বিভিন্ন সেমিনারে। এসব সেমিনারে সর্বাধুনিক প্রযুক্তি ও সেবা সম্পর্কে আলোচনা করেন দেশ বিদেশের বিশেষজ্ঞরা।
বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের একদল তরুণ শিক্ষার্থীরা এসেছিলেন তথ্যপ্রযুক্তির বড় এই উৎসবে। তাদের মধ্যে একজন হাসান সরকার। তিনি বললেন, তথ্যপ্রযুক্তি সম্পর্কে যারা আগ্রহী, তাদের এই প্রদর্শনীতে আসা উচিত। এখানে আসলে জানা যাবে, প্রযুক্তিতে বাংলাদেশ কতটা এগিয়ে যাচ্ছে।
হাসান আরও বলেন, প্রদর্শনীতে ৫জি সম্পর্কে ধারণা দেয়া হচ্ছে। ৫জি নিয়ে অনেক তথ্যও মেলা থেকে জানতে পারলাম।
সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত ফ্রিতে মেলায় প্রবেশ করা যাবে। আগামীকাল (১৮ ডিসেম্বর) শেষ হবে মেলা।